...|...|...

জাতীয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে কত?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৪
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে কত?

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন চলছে। গত প্রায় দুই মাসে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার টাকারও বেশি। তবে একই সময়ে বাংলাদেশের বাজারে কমেছে ২৩ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ, বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ১০ হাজার ৫৮৮ টাকা কম।

বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৬৫৮ ডলার। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৪ ডলারে। ডলারের বিনিময়মূল্য ১২৫ টাকা ধরে হিসাব করলে, এই সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৮৩ হাজার টাকার বেশি। সে হিসাবে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ৩৪ হাজার ১৪৯ টাকা।

অন্যদিকে, বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গত ২৫ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সংস্থাটি মোট ১৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ১৩ বার দাম কমানো হয়েছে, বেড়েছে পাঁচবার।

সর্বশেষ তিন দফায় দাম কমানোর পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

গত ২৫ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। সে হিসাবে প্রায় দুই মাসে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৩ হাজার ৫৬১ টাকা।

স্বর্ণের ক্ষেত্রে বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে দাম কমার পরিমাণ কম হলেও রুপার ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। বিশ্ববাজারে প্রতি ভরি রুপার দাম কমেছে প্রায় ৭৫৭ টাকা। বিপরীতে, দেশের বাজারে ভালো মানের রুপার দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়।

বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে স্বর্ণের দামের এই ব্যবধানের বিষয়ে বাজুসের বক্তব্য, বাংলাদেশে স্বর্ণের খনি না থাকায় আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হয়। তবে দেশের বাজারে গহনার দাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় বুলিয়ান মার্কেট বা তেজাবি স্বর্ণের দামও বিবেচনায় নেওয়া হয়। এ কারণে আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে দেশের বাজারে দামের পরিবর্তন সব সময় একই হারে হয় না।

তবে বাজুস সভাপতি এনামুল হক দোলনের দাবি, বিশ্ববাজারে স্বর্ণের দাম যতটা কমেছে, দেশের বাজারেও ঠিক ততটাই কমানো হয়েছে। দুই বাজারের হিসাবের ব্যবধান নিয়ে প্রশ্ন করা হলে তিনি টেলিফোনে মন্তব্য করতে রাজি হননি। বরং আগ্রহীদের বাজুস কার্যালয়ে গিয়ে হিসাব দেখে নেওয়ার আমন্ত্রণ জানান।