...|...|...

বিশ্ব

দিওয়ালি উৎসবে আমিরাত

স্বর্ণের গয়নায় ‘ব্যাপক ছাড়’, থাকছে ফ্রিতে স্বর্ণের কয়েন-স্মার্টফোন জেতার সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
স্বর্ণের গয়নায় ‘ব্যাপক ছাড়’, থাকছে ফ্রিতে স্বর্ণের কয়েন-স্মার্টফোন জেতার সুযোগ

ছবি: সংগৃহীত

দিওয়ালি উৎসবকে কেন্দ্র করে ক্রেতাদের আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ও অলংকার ব্যবসায়ীরা নিয়ে এসেছেন আকর্ষণীয় সব অফার। হিরার গয়না ও মজুরিতে ছাড়, পুরোনো স্বর্ণ এক্সচেঞ্জে বোনাস, ফ্রি স্বর্ণের কয়েন থেকে শুরু করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং স্মার্টফোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সেখানকার জুয়েলার্সরা।

সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি উৎসবের মৌসুমে ক্রেতারা যখন একটু হিসাব-নিকাশ করে কেনাকাটা করছেন, ঠিক তখনই এই জমজমাট অফার নিয়ে হাজির হয়েছেন খুচরা বিক্রেতারা।

বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় অফার

বাফলে জুয়েলার্স: প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা জানিয়েছেন, তারা সমস্ত জুয়েলারিতে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছেন। এছাড়া হিরার গয়নায় রয়েছে ৫০ শতাংশ ছাড় এবং অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকরা মাত্র ৯ শতাংশ অগ্রিম পরিশোধ করে স্বর্ণের দাম বুক বা লক করে রাখতে পারবেন। দাম বাড়লে বুকিংয়ের সময়ের কম দামই প্রযোজ্য হবে, আর দাম কমলে বর্তমান কম দামেই স্বর্ণ কিনতে পারবেন ক্রেতারা। এছাড়া পাইকারি মূল্যে ২৪ ক্যারেটের কয়েন, বার ও গয়না বিক্রি করছে এই প্রতিষ্ঠান।

কান্জ জুয়েলস: প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানাক জানান, তারা গহনার মজুরি বা মেকিং চার্জে ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট অংকের কেনাকাটায় উপহার হিসেবে স্বর্ণের কয়েন ও স্মার্টফোন দিচ্ছেন।

তানিশক: টাইটান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসার এভিপি এবং চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিরাজ ভাকারে জানান, তাদের এখানে হিরার মূল্যের ওপর এবং স্বর্ণ ও হিরার গয়নার মজুরিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া পুরোনো স্বর্ণ বদলে নতুন গয়না কিনলে প্রতি গ্রামে অতিরিক্ত ১৫ দিরহাম এবং পুরোনো পণ্যের ১০০ শতাংশ সঠিক মূল্যায়ন দেওয়া হচ্ছে।

দবাই জুয়েলারি গ্রুপ: এই সংগঠনের পক্ষ থেকে ক্রেতাদের জন্য ১ কেজি স্বর্ণ জেতার সুযোগ দেওয়া হচ্ছে। আড়াই হাজার বা তার বেশি দিরহাম কেনাকাটা করলে ক্রেতারা এই ড্রয়ে অংশ নিতে পারবেন। ধনতেরাস পর্যন্ত কেনাকাটা করলে বিজয়ী হওয়ার সুযোগ দ্বিগুণ হবে। ধনতেরাসের ড্রয়ে ৫ জন বিজয়ী প্রত্যেকে ১০০ গ্রাম করে স্বর্ণ পাবেন এবং আগামী ১২ নভেম্বর, ২০২৬ তারিখে গ্র্যান্ড ড্রয়ে ১ জন ভাগ্যবান বিজয়ী পাবেন ৫০০ গ্রাম স্বর্ণ। আগামী ১২ নভেম্বর পর্যন্ত ২২০টিরও বেশি অংশীদার আউটলেটে এই অফার চলবে।

মিনা জুয়েলার্স: নির্দিষ্ট মূল্যের গয়না কিনলে লেটেস্ট ফোন, পরিধেয় প্রযুক্তি থেকে শুরু করে নিজেদের ব্র্যান্ডের স্বর্ণের বার উপহার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে এই প্রতিষ্ঠান।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস: আন্তর্জাতিক অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক শমলাল আহমেদ জানান, তারা হিয়র ও রত্নখচিত গয়না কিনলে ক্যাশ ভাউচার, স্বর্ণ ও হিরার গয়নায় আকর্ষণীয় ছাড় এবং ২২ ক্যারেটের স্বর্ণ পরিবর্তনে কোনো মূল্য কাটা না কাটার বিধা দিচ্ছেন। এছাড়া মাত্র ২৫ শতাংশ অগ্রিম দিয়ে বর্তমান স্বর্ণের রেট লক করার ‘গোল্ড রেট প্রটেকশন অফার’-এর সুযোগও রয়েছে।

দিওয়ালি ও স্বর্ণের বাজার

আলোর উৎসব হিসেবে পরিচিত দিওয়ালি আগামী ৮ নভেম্বর, ২০২৬ তারিখে আমিরাতে উদযাপিত হবে। আর মূল্যবান ধাতু কেনার জন্য শুভ দিন হিসেবে বিবেচিত ‘ধনতেরাস’ উদযাপিত হবে আগামী ৬ নভেম্বর। বিশেষ করে ভারতীয় সম্প্রদায়ের মাঝে উৎসবের মৌসুমে স্বর্ণ ও গয়না কেনা একটি দীর্ঘদিনের ঐতিহ্য। স্বর্ণ হলো সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং নতুন সূচনার প্রতীক। ব্যক্তিগত ব্যবহার, উপহার দেওয়া বা বিয়ের জন্য অনেক পরিবার স্বর্ণের কয়েন, বার, হার, চুড়ি এবং অন্যান্য গয়না কিনে থাকেন। স্বর্ণের দাম, প্রোমোশনাল অফার এবং মেকিং চার্জ ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। দাম কমলে অনেক ক্রেতাই আগেভাগে স্বর্ণ কিনে রাখেন।

দুবাইতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ৫০০ দিরহামের নিচে থাকায় ক্রেতাদের জন্য এটি একটি বাড়তি সুবিধা তৈরি করেছে। গত বৃহস্পতিবার ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২১ ক্যারেট স্বর্ণ যথাক্রমে প্রতি গ্রাম ৪৯২ দশমিক ২৫ দিরহাম, ৪৫৫ দশমিক ৭৫ দিরহাম এবং ৪৩৭ দশমিক শূন্য দিরহাম দরে লেনদেন হয়েছে।