...|...|...

জাতীয়

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৩ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:০২
Shares
চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রস্তাবিত আইন কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই চাঁদাবাজির ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে আইনগত ব্যবস্থা নিতে পারবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপি পুলিশ লাইনসে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতে চান না। কেউ কেউ সাক্ষ্য দিতেও ভয় পান। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা এবং চাঁদাবাজি নির্মূলে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আবার বলপ্রয়োগ না করলে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একই সাথে সমাজে মাদকের বিস্তার ঘটেছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানান আইজিপি। এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীরা সামনে আসতে না পারলেও ডিজিটাল তথ্য-প্রমাণ ও অপরাধের সূত্র ধরে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশকে মানবিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ক্ষমতা ব্যবহার করে কেউ সাধারণ মানুষকে হয়রানি বা তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।