...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:০৩
Shares
প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন জাপানি বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আশা প্রকাশ করেন, সফরটি প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কোনো রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোনো রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, সেটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।

এর আগে জাতীয় সংলাপে বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অভিন্ন অবস্থান তুলে ধরা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করার ওপরও জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, জলবায়ু সংকটে নারী ও শিশুদের বিশেষ সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনায় না নিলে এই সংকটের কার্যকর মোকাবিলা সম্ভব নয়।