...|...|...

জাতীয়

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১১:০৩
Shares
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে (ভিন্নমত) কোনো পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার উদ্দেশ্যে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার একই পথে হাঁটবে না বলে জানান তিনি।

বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া আইন, নির্বাহী ও বিচার বিভাগের স্বাধীনতা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে আরও স্বাধীনভাবে পরিচালিত হতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।