...|...|...

বিশ্ব

তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড, এক লাফে বাড়ল ৩ ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৬
Shares
তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড, এক লাফে বাড়ল ৩ ডলার

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুথিদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত প্রায় ছয় মাসের মধ্যে এটিই তেলের সর্বোচ্চ দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেল ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ দশমিক ৭২ ডলারে স্থির হয়েছে, যা গত ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল ৩ দশমিক ৮০ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২৭ ডলারে বন্ধ হয়েছে। সবমিলিয়ে এই সপ্তাহে ব্রেন্ট ক্রুড ৬ শতাংশ এবং ডব্লিউটিআই ২ দশমিক ৩ শতাংশ বেশি দামে সপ্তাহ শেষ করেছে।

এলপিএল ফাইন্যান্সিয়ালের চিফ ক্রস-অ্যাসেট কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেছেন, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালানোর ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আতঙ্ক থেকেই এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

এর আগে, গত বৃহস্পতিবার রয়টার্স জানায়, বাহরাইনের কাছে পারস্য উপসাগর তীরবর্তী ধাহরানে সৌদি আরামকোর প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং ইয়েমেনভিত্তিক হুথিদের মধ্যে লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির উম্ম আল কুওয়াইন উপকূলের কাছে একটি ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার ঘটনা ধরা পড়েছে। তবে কী কারণে এই তেল ছড়িয়ে পড়েছে এবং সংশ্লিষ্ট ট্যাংকারটি কার, তা এখনও সনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।