...|...|...

বিশ্ব

নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইজেনকোট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইজেনকোট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে দেখতে চান না বিরোধী নেতা গাদি আইজেনকোট। এ ঘটনায় অবিলম্বে তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কঠোর সমালোচনা করেন আইজেনকোট। তিনি বলেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব ইউনাইটেড লিস্ট (রাআম) পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেন। এ সময় নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশের কাছে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের ঘুষ দিয়ে ভোট দিতে উৎসাহিত করার সন্দেহে তাদের আটক করা হয়। তবে পরে ওই তথ্যের ভিত্তি না পাওয়ায় তিনজনকেই ছেড়ে দেয় পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সেই আবেদন প্রত্যাখ্যান করে।

এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছেন আইজেনকোট। প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছেন তিনি। তবে তার বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রীর দল লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনি-ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালানোর অভিযোগ তোলেন আইজেনকোট। শনিবার নেতানিয়াহু তাকে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিলেও সেটিকে ‘লোকদেখানো’ বলে মন্তব্য করেন বিরোধী এই নেতা। তবে দুই দলের মধ্যে যৌথ সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এখন পর্যন্ত নেতানিয়াহু কিংবা আইজেনকোটের কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি।