...|...|...

বিশ্ব

গুলি না ছুড়েই ড্রোনের ঝাঁক নামিয়ে চমক দেখাল তুরস্ক, কী এই প্রযুক্তি?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
গুলি না ছুড়েই ড্রোনের ঝাঁক নামিয়ে চমক দেখাল তুরস্ক, কী এই প্রযুক্তি?

ছবি: এআই জেনারেটেড।

আকাশে একসঙ্গে উড়ছে ৫১টি ড্রোন। অথচ সেগুলো থামাতে ছোড়া হয়নি কোনো গুলি কিংবা ক্ষেপণাস্ত্র। শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ড্রোনের ঝাঁক নিষ্ক্রিয় করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN)। প্রতিষ্ঠানটির তৈরি ‘এজদেরহা’ (EJDERHA) নামের নতুন অ্যান্টি-ড্রোন প্রযুক্তির পরীক্ষায় এই সাফল্য এসেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় আসেলসানের পরীক্ষাকেন্দ্রে এই প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানটির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একসঙ্গে ৫১টি ড্রোন উড়িয়ে পরীক্ষাটি চালানো হয়। পরে এজদেরহা সক্রিয় করার কয়েক সেকেন্ডের মধ্যেই ড্রোনগুলো নিয়ন্ত্রণ হারায় বলে দাবি করেছে আসেলসান।

প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত গোলাবারুদ ব্যবহার না করে একসঙ্গে এতগুলো ড্রোন নিষ্ক্রিয় করার ঘটনা তাদের প্রতিরক্ষা প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে সব ড্রোন সরাসরি মাটিতে বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কী এই এজদেরহা প্রযুক্তি?

এজদেরহা মূলত উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা হাই-পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক (HPEM) প্রযুক্তিনির্ভর একটি অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা। প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় লক্ষ্যবস্তু ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র কিংবা গোলাবারুদ ব্যবহার করা হলেও এজদেরহা কাজ করে ভিন্ন পদ্ধতিতে।

এই প্রযুক্তি থেকে নির্গত শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ ড্রোনের ভেতরের ইলেকট্রনিক যন্ত্রাংশে প্রভাব ফেলে। এতে ড্রোনের নিয়ন্ত্রণ, যোগাযোগ ও নেভিগেশনব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এমনকি পরিস্থিতিভেদে ড্রোনের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সার্কিট স্থায়ীভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির অন্যতম সুবিধা হলো একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর ওপর প্রভাব বিস্তারের সম্ভাবনা। ফলে আকাশে ছড়িয়ে থাকা ড্রোনের ঝাঁক মোকাবিলায় এটি প্রচলিত অস্ত্রের বিকল্প হিসেবে কাজে আসতে পারে।

এক হাজার মিটার দূরের ড্রোনও থামাল

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, পরীক্ষাটি পরিচালিত হয় দুটি ধাপে। প্রথম ধাপে প্রায় এক হাজার মিটার দূরত্বে থাকা তারের মাধ্যমে নিয়ন্ত্রিত দুটি ড্রোনের বিরুদ্ধে এজদেরহা ব্যবহার করা হয়। আসেলসানের দাবি, দুটি ড্রোনই সফলভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

এ ধরনের ড্রোন সাধারণ রেডিও সংকেতের পরিবর্তে তার বা ফাইবার-অপটিক সংযোগের মাধ্যমে পরিচালিত হতে পারে। ফলে প্রচলিত রেডিও জ্যামিং প্রযুক্তি দিয়ে এগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করা কঠিন। কিন্তু এজদেরহা সরাসরি ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থায় প্রভাব ফেলায় এ ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও কার্যকর হতে পারে।

পরীক্ষার দ্বিতীয় ধাপে একসঙ্গে ৫১টি ড্রোন আকাশে ওড়ানো হয়। এরপর এজদেরহা সক্রিয় করলে কয়েক সেকেন্ডের মধ্যে সব ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বিশ্বরেকর্ডের দাবি তুরস্কের

আসেলসানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকইয়োল এই পরীক্ষাকে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

তার দাবি, কোনো ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদ ব্যবহার না করে একটি বোতাম চাপার মাধ্যমে ৫১টি ড্রোন একসঙ্গে নামিয়ে আনার সক্ষমতা দেখিয়েছে এজদেরহা। বিশ্বে এমন সাফল্য অর্জনকারী প্রথম প্রতিরক্ষাব্যবস্থা এটি বলেও দাবি করেন তিনি।

আকইয়োল জানান, প্রযুক্তিটি শুধু পরীক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এরই মধ্যে মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে এবং ধারাবাহিক উৎপাদনও শুরু হয়েছে।

তুরস্কের ‘স্টিল ডোম’-এর অংশ এজদেরহা

তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ বা ‘চেলিক কুব্বে’র অংশ হিসেবে এজদেরহা তৈরি করা হয়েছে। মূলত ছোট ও অতিক্ষুদ্র ড্রোন, এফপিভি ড্রোন এবং ঝাঁকবদ্ধ ড্রোন হামলার হুমকি মোকাবিলায় এটি ব্যবহার করা হবে।

এজদেরহা রাডারের সাহায্যে আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করে। এরপর ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর দিয়ে ড্রোনের গতিবিধি অনুসরণ করে নির্দিষ্ট দিকে তড়িৎচুম্বকীয় শক্তি পাঠায়।

আসেলসানের প্রকাশিত প্রযুক্তিগত বিবরণ অনুযায়ী, এই ব্যবস্থায় সরু রশ্মির মতো নির্দিষ্ট দিকে শক্তি পাঠানোর পাশাপাশি তুলনামূলক বিস্তৃত এলাকায় স্ক্যান করার ব্যবস্থাও রয়েছে। এটি ভ্রাম্যমাণ প্ল্যাটফর্মেও স্থাপন করা যায়।

যুদ্ধক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ এই প্রযুক্তি?

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে তুলনামূলক কম দামের ছোট ড্রোন দিয়ে নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত এবং আক্রমণ চালানো হচ্ছে। একই সময়ে বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর চাপ তৈরির কৌশলও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থায় ড্রোন ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র কিংবা গোলাবারুদ ব্যবহার করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে একটি ছোট ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত অস্ত্রের দাম ড্রোনটির চেয়েও বেশি হতে পারে।

এজদেরহার মতো তড়িৎচুম্বকীয় প্রযুক্তি একসঙ্গে একাধিক ড্রোনের ওপর কার্যকর হলে প্রতিটি লক্ষ্যবস্তুর জন্য আলাদা গোলাবারুদ ব্যবহারের প্রয়োজন কমতে পারে। একই সঙ্গে স্বল্প সময়ে ঝাঁকবদ্ধ ড্রোন হামলা মোকাবিলার নতুন সুযোগ তৈরি হতে পারে।

বাস্তব যুদ্ধে কতটা কার্যকর হবে?

তবে পরীক্ষায় সফলতার দাবি করা হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে এজদেরহার কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে।

প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম মিলিটারনির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ৫১টি ড্রোন ঠিক কত দূরত্বে ছিল, সে তথ্য প্রকাশ করেনি আসেলসান। ফলে ভিন্ন দূরত্ব, প্রতিকূল পরিবেশ কিংবা বিভিন্ন ধরনের প্রতিরোধক্ষমতাসম্পন্ন ড্রোনের বিরুদ্ধে প্রযুক্তিটির কার্যকারিতা কতটা হবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

এ ছাড়া সব ড্রোন একইভাবে ক্ষতিগ্রস্ত হয় না। তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রভাবে কোনো ড্রোন সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারাতে পারে, আবার কোনো ড্রোনের ইলেকট্রনিক যন্ত্রাংশ স্থায়ীভাবে নষ্ট হতে পারে।

তবে তুরস্কের এই পরীক্ষা ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় শুধু ক্ষেপণাস্ত্র বা প্রচলিত অস্ত্র নয়, তড়িৎচুম্বকীয় শক্তিনির্ভর প্রযুক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।