...|...|...

বিশ্ব

যেভাবে তুরস্ক থেকে ইরানি জেনারেলকে অপহরণ, হত্যার পর সাগরে ফেলে দেয় মোসাদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৬
Shares
যেভাবে তুরস্ক থেকে ইরানি জেনারেলকে অপহরণ, হত্যার পর সাগরে ফেলে দেয় মোসাদ

ছবি: এআই জেনারেটেড।

নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধান করতে গিয়ে ইরানের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে তুরস্ক থেকে অপহরণের পর নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদের পর ওই কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। একই অভিযানের অংশ হিসেবে আরেক ইরানি জেনারেলকে অপহরণ ও নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ছেড়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের রবিবার (১৫ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার দশক আগে লেবাননে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট রন আরাদের পরিণতি জানতে একের পর এক গোপন অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। এসব অভিযানে বহু মানুষের প্রাণহানি ঘটলেও আরাদের ভাগ্যে আসলে কী ঘটেছিল, সেই রহস্যের সমাধান হয়নি।

১৯৮৬ সালে লেবাননে সামরিক অভিযান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন ইসরায়েলি পাইলট রন আরাদ। এরপর তিনি বন্দি হন এবং একপর্যায়ে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই থেকে তাকে খুঁজে বের করতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে ইসরাইল।

তুরস্ক থেকে যেভাবে অপহরণ করা হয় ইরানি জেনারেলকে

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে যান ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল ও দেশটির সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আসগারি।

ইস্তাম্বুলের তাকসিম এলাকার কাছে একটি হোটেলে ওঠার কিছুক্ষণের মধ্যেই তিনি নিখোঁজ হন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোসাদের সদস্যরা তাকে সেখান থেকে অপহরণ করেছিলেন।

ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানেন আসগারি। সেই সন্দেহে তাকে কয়েক সপ্তাহ ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়।

কিন্তু জিজ্ঞাসাবাদে আরাদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও আসগারিকে হত্যা করে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

বহু বছর পর আসগারির নিখোঁজ হওয়ার বিষয়ে ইরান তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের কাছে অপহরণ ও হত্যার বিষয়টি তুলে ধরেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

ওই সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। প্রতিবেদনে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকতে পারে। তবে তিনি এমন অনুমোদন দিয়েছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

এদিকে, আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের তদন্তকারীরা জানতে পারেন, হোটেল কক্ষে তাকে মাদক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল। পরে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি কৃষ্ণসাগরের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরেক জেনারেলকে অপহরণের পর দক্ষিণ আফ্রিকায় ফেলে দেওয়া হয়

রন আরাদের সন্ধানে ইসরায়েলি গোয়েন্দাদের অভিযান এখানেই থেমে থাকেনি। ২০২১ সালে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ইরানের আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করা হয় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সকালে দৌড়ানোর সময় তাকে আটক করেন মোসাদের সদস্যরা। এরপর একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।

গোপন স্থানে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর গোয়েন্দারা বুঝতে পারেন, রন আরাদের বিষয়ে সাবেরির কাছেও কোনো তথ্য নেই।

পরে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ছেড়ে দেওয়া হয়। অপহরণের পেছনে ইসরাইলের সংশ্লিষ্টতা আড়াল করতেই তাকে অন্য দেশে নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রন আরাদের মৃত্যু হয়েছিল ১৯৮৮ সালেই?

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হিজবুল্লাহ ও ইরানের যৌথ অনুসন্ধানে ধারণা করা হয়, নিখোঁজ হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে মারা যান রন আরাদ।

তদন্তকারীদের ধারণা, ওই গ্রামে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং মৃত্যুর পর সেখানেই সমাহিত করা হয়।

তবে ইসরায়েলি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে মনে করে আসছিলেন, আরাদের নিখোঁজ হওয়ার পেছনের ঘটনা সম্পর্কে ইরানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যদিও তার নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তাকেও অপহরণের অভিযোগ

২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমাদ শুকর নিখোঁজ হন। একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি।

লেবাননের কর্মকর্তাদের সন্দেহ, ইসরায়েলি গোয়েন্দারা তাকে অপহরণ করেছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের একটি অংশের ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে রন আরাদকে হত্যা করেছিলেন আহমাদ শুকর। তবে এই ধারণার পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

মরদেহের সন্ধানে ৪০টির বেশি বিমান হামলা

রন আরাদের মরদেহ উদ্ধারের চেষ্টায় চলতি বছরের ৬ ও ৭ মার্চ লেবাননের নবী চিত গ্রামে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় ৪০টির বেশি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।

ইসরায়েলি বাহিনীর ধারণা ছিল, গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ রয়েছে। কিন্তু অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

প্রায় চার দশক ধরে রন আরাদের সন্ধানে চালানো অভিযানে একাধিক ব্যক্তিকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ উঠলেও নিখোঁজ পাইলটের পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।