ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক আহমেদ তিবি। দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার এই নেতা এর আগেও একাধিকবার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এবার নতুন করে তার নির্বাচিত হওয়া ঘিরে আলোচনায় এসেছে তার রাজনৈতিক জীবন ও ফিলিস্তিনের পক্ষে দীর্ঘদিনের অবস্থান।
১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরায়েলের তাইবে শহরে জন্ম আহমেদ তিবির। ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত একটি পরিবারে তার জন্ম। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করে ১৯৮৩ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন। পরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি।
১৯৮৪ সালে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নেতা ইয়াসির আরাফাতের সাথে দেখা করেন তিবি। ওই সময় ইসরায়েলি আইনে পিএলওর সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ থাকায় দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্রও ছিলেন তিবি।
১৯৯৬ সালে আরব মুভমেন্ট ফর রিনিউয়াল বা তা'আল পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। ১৯৯৯ সালে প্রথমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নির্বাচিত হন। নিজেকে ‘ইসরায়েলি নাগরিকত্বের অধিকারী আরব ফিলিস্তিনি’ হিসেবে পরিচয় দেন তিবি। তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফেরার অধিকার এবং সব নাগরিকের সমান অধিকারের পক্ষে। ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে সংজ্ঞায়িত করার বিরোধিতা করে দেশটিকে ‘বর্ণবাদী রাষ্ট্র’ বলেও সমালোচনা করেছেন তিনি। তার প্রস্তাবিত বিকল্প হলো—সব নাগরিকের সমান অধিকারভিত্তিক রাষ্ট্র।
২০০০ সালের সেপ্টেম্বরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তৎকালীন বিরোধীদলীয় নেতা অ্যারিয়েল শ্যারনের সফরের সময় তাকে ঘিরে উত্তেজনার মধ্যে তিবির ডান হাত ভেঙে যায় বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০২ সালে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে সামরিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থানের জেরে তার চলাচলের স্বাধীনতা সীমিত করার উদ্যোগ নেয় নেসেট। ওই বছরের জুনে পার্লামেন্টে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি সংসদীয় দায়মুক্তি কেড়ে নেওয়ার ঘটনা ছিল না।
২০১৬ সালে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবিত আইনের প্রতিবাদে নেসেটের অধিবেশন কক্ষে আজান দিয়ে আলোচনায় আসেন তিবি।
সর্বশেষ নির্বাচনে ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের চেয়ারম্যান হিসেবে তিবি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। তার দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করলেও সফল হয়নি।



