...|...|...

বিশ্ব

গাজা যুদ্ধে ইসরায়েলের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৫
Shares
গাজা যুদ্ধে ইসরায়েলের চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন নেতানিয়াহু: বাইডেন

গ্রাফিক্স: টাইমস টুডে

গাজা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে বেশি গুরুত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা বাইডেনের নতুন স্মৃতিকথা প্রমিস মি, আমেরিকা (Promise Me, America)-এর অংশবিশেষের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট। 

স্মৃতিকথায় নেতানিয়াহুর ভূমিকার কঠোর সমালোচনা করে বাইডেন দাবি করেছেন, গাজায় সামরিক অভিযান চলাকালে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা ও জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য অনুযায়ী, দুজনের মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি ছিল। এমনকি নেতানিয়াহুর আচরণ ও রাজনৈতিক কৌশলের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মিলও খুঁজে পেয়েছিলেন তিনি।

বাইডেনের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক সুবিধা অনুযায়ী তথ্য ও বাস্তবতাকে উপস্থাপন করতেন। ব্যক্তিগত স্বার্থ রক্ষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর প্রবণতাও তার মধ্যে ছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

তবে নেতানিয়াহুর সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করেছেন বাইডেন। ওই পরিস্থিতিতে ইসরায়েলকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি।

একই সাথে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয়ের বিষয়টিও স্মরণ করেছেন বাইডেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্মৃতিকথায় বাইডেন স্বীকার করেছেন, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ কমাতে তার প্রশাসনের প্রচেষ্টা প্রত্যাশিত ফল আনতে পারেনি।

এদিকে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে নেতানিয়াহু বারবার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন বাইডেন। মার্কিন প্রশাসনের উদ্বেগের পরও নতুন সামরিক অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু ঘটেছে বলে দাবি করেন তিনি।

বাইডেনের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিবারই এসব অভিযানের পক্ষে ব্যাখ্যা দিত। কিন্তু বেসামরিক মানুষের প্রাণহানি বন্ধে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

তবে নেতানিয়াহুর বিরুদ্ধে বাইডেনের এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনগুলো প্রকাশের সময় পর্যন্ত তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, তাদের সামরিক অভিযানের লক্ষ্য হামাস এবং বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর চেষ্টা করা হয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাইডেনের ৪৮০ পৃষ্ঠার স্মৃতিকথা প্রমিস মি, আমেরিকা আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। বইটি প্রকাশের আগেই এর বিভিন্ন অংশ মার্কিন সংবাদমাধ্যমে উঠে এসেছে।