...|...|...

জাতীয়

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৫
Shares
ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কতামূলক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার আবেদন ও সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তথ্য যাচাই করার পাশাপাশি তৃতীয় পক্ষের সহায়তা এবং অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাসটি।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ভিসার আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে।

এ ছাড়া ভিসা সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের বিভিন্ন সেবা গ্রহণ এবং এ জন্য বাড়তি ফি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

এর আগে ভিজিটর ভিসা নিয়েও পৃথক একটি পোস্টে সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন-এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে তার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাস আরও জানায়, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ভিসার নিয়ম ও শর্ত মেনে চলার বিষয়ে প্রত্যেক আবেদনকারীকে সচেতন থাকতে হবে।