যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের অনলাইন সেবায় সোমবার (১৬ নভেম্বর) ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। এতে হাজারো গ্রাহক অ্যাকাউন্টে ঢোকা, ব্যালান্স দেখা ও লেনদেন সম্পন্ন করতে সমস্যায় পড়েন।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেপিমরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গোসহ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা এ সমস্যার কথা জানিয়েছেন।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে শুধু চেজ নিয়েই ৩ হাজার ৩০০টির বেশি অভিযোগ জমা পড়ে। ব্যাংক অব আমেরিকা, ক্যাপিটাল ওয়ান ও ইউএস ব্যাংকের গ্রাহকেরাও সেবা বিঘ্নের অভিযোগ জানান।
গ্রাহকদের অভিযোগের মধ্যে ছিল ব্যাংকিং অ্যাপে লগইন করতে না পারা, অ্যাকাউন্টের ব্যালান্স দেখতে সমস্যা এবং লেনদেন সম্পন্ন করতে বিলম্ব। যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অর্থ পাঠাতে ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট সেবা জেলিতেও সমস্যার খবর পাওয়া যায়।
চেজ সেবা বিঘ্নের বিষয়টি স্বীকার করেছে। ব্যাংকটি জানিয়েছে, একটি কারিগরি সমস্যার কারণে কিছু লেনদেন স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছে। তবে গ্রাহকেরা তাঁদের অ্যাকাউন্ট ও অর্থে প্রবেশ করতে পারছেন।
চেজের এক মুখপাত্র বলেন, কারিগরি সমস্যার কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
ব্যাংকটি আরও জানিয়েছে, তাদের সমস্যার পেছনে কোনো সাইবার হামলা নেই।
কিছু চেজ গ্রাহক মোবাইল অ্যাপে এমন নোটিফিকেশন পেয়েছেন, যেখানে নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে পরে আবার চেষ্টা করতে বলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রাহকদের অভিযোগের জবাবে চেজের কাস্টমার সাপোর্ট টিম অনলাইন ব্যাংকিংয়ে সমস্যার বিষয়টি স্বীকার করে এবং অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে।
তবে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা বিঘ্নের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
আরব নিউজ জানিয়েছে, সোমবারের ব্যাংকিং সমস্যার কয়েক দিন আগে শুক্রবার মাইক্রোসফটের বড় ধরনের বৈশ্বিক সেবা বিভ্রাট ঘটে। এতে আউটলুক, টিমসসহ বিভিন্ন সেবা ক্ষতিগ্রস্ত হয়, যা বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো ব্যবহার করে।
পরে মাইক্রোসফট তাদের সেবা পুনরুদ্ধার করে এবং জানায়, সাইবার হামলা নয়, কারিগরি সমস্যাই ওই বিভ্রাটের কারণ ছিল।
তবে মাইক্রোসফটের ওই ঘটনার সাথে সোমবারের ব্যাংকিং সেবা বিঘ্নের কোনো সম্পর্ক এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি।
এর আগে, ১৪ নভেম্বর রাডার ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের অস্থিতিশীলতার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবার বিমান চলাচল শুরু হয়েছিল। বিমান চলাচল, মাইক্রোসফট এবং সবশেষে ব্যাংক খাতে বিপর্যয়- সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এক কঠিন সময় পার করছে। এই ঘটনাগুলো কি নিছক কারিগরি ত্রুটি নাকি কোন বড় ধরণের হামলার আগাম বার্তা তা দেখার অপেক্ষায় বিশ্ব।


