...|...|...

বিশ্ব

ইরানের ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:০৩
Shares
ইরানের ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় এবার যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছেন হামলা থেকে বেঁচে যাওয়া এক কর্মকর্তা।

মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‌্যামসবটম কংগ্রেসে দেওয়া এক হুইসেলব্লোয়ার অভিযোগে দাবি করেছেন, কুয়েতে মার্কিন কমান্ড পোস্ট যথেষ্ট সুরক্ষিত ছিল না। সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকি নিয়ে আগেই সতর্ক করা হলেও তা গুরুত্ব দেওয়া হয়নি বলে তার অভিযোগ।

অপারেশন ‘এপিক ফিউরি’র সময় কুয়েতের পোর্ট শুয়াইবার একটি কমান্ড পোস্টে ইরানি ড্রোন আঘাত হানে। এতে ছয় মার্কিন সেনা নিহত হন। হামলায় আহতদের মধ্যে র‌্যামসবটমও ছিলেন।

তিনি হাউস ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে অভিযোগ পাঠিয়েছেন।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে র‌্যামসবটম বলেন, এটি ছিল সেনাবাহিনী, আমাদের নেতৃত্ব এবং আমার নিজের—আমার স্তর পর্যন্ত—একটি কৌশলগত ব্যর্থতা।

তার অভিযোগ, কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দেওয়া সতর্কতা সেনা নেতৃত্ব গুরুত্ব দেয়নি। এর ফলেই ছয় সেনার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

র‌্যামসবটম বলেন, পোর্ট শুয়াইবায় কোনো চিকিৎসক ছিল না, স্থায়ী মেডিকেল স্টেশন ছিল না এবং মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

তিনি আরও বলেন, আমরা পরিকল্পনাটি ভালোভাবে করিনি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

১ মার্চের ওই হামলায় নিহত হন আর্মি রিজার্ভ ক্যাপ্টেন কোডি খোরক (৩৫), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া টিটজেন্স (৪২), সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল আমোর (৩৯), সার্জেন্ট ডেকলান কোডি (২০), মেজর জেফরি ও’ব্রায়েন (৪৫) এবং চিফ ওয়ারেন্ট অফিসার থ্রি রবার্ট মারজান (৫৪)।

আর্মি রিজার্ভের ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডের ডেপুটি চিফ অব অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করা র‌্যামসবটম বলেন, ওই পোস্টের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত গাড়িবোমা ও এ ধরনের হুমকি ঠেকানোর উপযোগী ছিল।

তিনি বলেন, আকাশপথের হামলা থেকে রক্ষা করার মতো কিছুই সেখানে ছিল না।

র‌্যামসবটমের দাবি, তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) লজিস্টিকস দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল জন হিনসনের কাছে বিষয়টি একাধিকবার তুলেছিলেন।

তিনি বলেন, বিভিন্ন বৈঠকে আমি দুইবার বলেছিলাম, ‘আমি বুঝতে পারছি না, এখানে আমরা কীভাবে সুরক্ষিত।

তার অভিযোগ, এর জবাবে হিনসন বলতেন, সুরক্ষা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না।

র‌্যামসবটম আরও দাবি করেন, পোর্ট শুয়াইবার জন্য একটি কাউন্টার-ড্রোন ব্যবস্থা চাওয়া হয়েছিল। পেন্টাগন সেটি দেওয়ার চেষ্টা করবে বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা সেখানে পৌঁছেনি।

তিনি বলেন, এটি কখনও শুয়াইবায় পৌঁছায়নি। এমনকি সত্যিই অর্ডার করা হয়েছিল কি না, সেটিও আমরা জানি না।

হামলার এক দিন পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, পোস্টটি যথাযথভাবে সুরক্ষিত ছিল।

সাংবাদিকদের তিনি বলেছিলেন, মাঝেমধ্যে একটি অস্ত্র প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ে—দুর্ভাগ্যজনকভাবে আমরা একে ‘স্কুইর্টার’ বলি।

তিনি আরও বলেন, সেই ঘটনায় এটি একটি সুরক্ষিত ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে আঘাত করেছিল। তবে এগুলো শক্তিশালী অস্ত্র।

কিন্তু র‌্যামসবটমের কংগ্রেসে দেওয়া অভিযোগে বলা হয়েছে, ওই পোস্টে একমুখী আক্রমণকারী ড্রোন ঠেকানোর জন্য কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না।

ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ১৫ নভেম্বর র‌্যামসবটমের চিঠি পর্যালোচনা করার পর হেগসেথের কাছে বেশ কয়েকটি ব্যাখ্যা দাবি করেন।

তিনি এক চিঠিতে লিখেছেন, নিহত ছয় সেনার পরিবার, আহতরা এবং আমেরিকার জনগণ স্বচ্ছতা ও জবাবদিহি পাওয়ার অধিকার রাখে।

তিনি হেগসেথকে একটি গোপন ব্রিফিংয়ে হাজির হয়ে পোর্ট শুয়াইবায় কী ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল, তার পূর্ণাঙ্গ তালিকা দিতে আহ্বান জানান।

র‌্যামসবটমের অভিযোগের বিষয়ে পেন্টাগন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।