১৯ আসনের বৈদ্যুতিক যাত্রীবাহী উড়োজাহাজের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের ‘সিই-২৫এ’ উড়োজাহাজটি গত ১৪ নভেম্বর শানডং প্রদেশে প্রথমবারের মতো চালকসহ আকাশে ওড়ে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে উড়োজাহাজটিতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট-টেস্ট প্রকৌশলী। পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে উড়োজাহাজটি আকাশে ছিল ১৬ মিনিট ৩৮ সেকেন্ড এবং অতিক্রম করে ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ।
নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে উড়োজাহাজটি প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এর ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। সর্বোচ্চ ১০ টন ওজন নিয়ে উড়তে সক্ষম বিমানটির উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার পর্যন্ত।
একাধিক ডাক্টেড ফ্যান ও ব্যাটারিচালিত বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি হয়েছে উড়োজাহাজটি। প্রকল্পটিতে কাজ করেছে চীনের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কম্যাক, ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি চালকবিহীন অবস্থায় প্রথমবার উড্ডয়ন করে সিই-২৫এ। এরপর আরও ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। বর্তমানে উড়োজাহাজটির সনদ পাওয়ার আবেদন চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন এখনো পাওয়া যায়নি।


