...|...|...

বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল-ইউরোপের জন্য হুমকি, স্বীকার করল নেতানিয়াহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১:৪৭
Shares
ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েল-ইউরোপের জন্য হুমকি, স্বীকার করল নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র, সন্ত্রাসবাদে সমর্থন এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা শুধু ইসরায়েল নয়, ইউরোপের জন্যও সরাসরি হুমকি—এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১৬ নভেম্বর) জেরুজালেমে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র, তাদের সন্ত্রাসবাদ এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের সীমান্তে থেমে থাকে না। ইউরোপ দর্শকের আসনে নেই। ইউরোপও একটি লক্ষ্যবস্তু।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চিত্র মৌলিকভাবে বদলে দিয়েছে।

তিনি হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়াদের নাম উল্লেখ করেন।

নেতানিয়াহুর দাবি, আমরা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিধ্বস্ত করেছি।

তিনি আরও বলেন, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জামও ইসরায়েল ধ্বংস করেছে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এসব সামরিক অবকাঠামো ইরানের আঞ্চলিক নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

তিনি বলেন, আমরা যে মধ্যপ্রাচ্যকে চিনতাম, তা আর নেই। ইসরায়েল এটিকে ভালো দিকে বদলে দিয়েছে।

নেতানিয়াহু আরও বলেন, কাজ এখনও শেষ হয়নি। তবে আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি।

বৈঠকে চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের ইসরায়েলপন্থী অবস্থানের প্রশংসাও করেন নেতানিয়াহু।

তিনি বলেন, কিছু দুর্বল নেতা ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, কিন্তু আপনি দৃঢ়ভাবে পাশে থাকেন।