পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, কারাগারে স্বাস্থ্যের অবনতি হতে থাকলে তিনি সেখানেই মারা যেতে পারেন। নিজের এবং স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি অভিযোগ করেন, আদালতের আগের নির্দেশনা থাকা সত্ত্বেও তার যথাযথ চিকিৎসা ও কারাগারের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।
ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এই নিরবচ্ছিন্ন পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আমি জীবিত ফিরতে পারব না।
তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সোমবার এক্সে চিঠিটি প্রকাশ করেন। এর কয়েক দিন আগে তিনি আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
ইমরান খানের দাবি, দীর্ঘ সময় একাকী বন্দিত্ব এবং অর্থপূর্ণ মানবিক যোগাযোগের অভাব তার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। তিনি নিজের শাস্তিকে ‘নিষ্ঠুর ও অস্বাভাবিক’ বলেও উল্লেখ করেন।
তার অভিযোগ, আদালতের নির্দেশ থাকার পরও কারাবন্দী স্ত্রী বুশরা বিবির সাথে নির্ধারিত সাক্ষাৎ অনেক সময় হচ্ছে না। পরিবারের সদস্যদের সাথে কথাও বলতে দেওয়া হচ্ছে না।
ইমরানের ভাষ্য, একাকিত্বের কারণে তার উচ্চ রক্তচাপ ‘অনিয়ন্ত্রিত’ পর্যায়ে পৌঁছেছে।
তিনি দাবি করেন, চিকিৎসকেরা এখন আমাকে বলেছেন, আমার মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং আমার হৃদ্যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখের পরীক্ষা করাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।
গত আগস্টে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে আবেদনের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে ইমরানের দাবি, এরপরও তাকে আবার বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে।
চিঠিতে স্ত্রী বুশরা বিবির চোখের অবস্থার অবনতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ইমরান খান। বুশরা ২০২৫ সালের জানুয়ারি থেকে একটি দুর্নীতি মামলায় কারাগারে আছেন।
গত এপ্রিলে তার রেটিনায় সমস্যা দেখা দিলে অস্ত্রোপচার করা হয়। ইমরানের অভিযোগ, এরপর তাকে আবার একাকী বন্দিত্বে রাখা হয়েছে এবং নিজের চিকিৎসক ও চিকিৎসার নথিতে প্রবেশাধিকার দেওয়া হয়নি।
চিঠিতে ইমরান খান লিখেছেন, আমি আপনাদের কাছে কোনো অনুগ্রহ চাইছি না। ন্যায়বিচার হিসেবে শুধু সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন এবং আমাদের চিকিৎসাজনিত সমস্যার যথাযথ চিকিৎসা চাইছি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তোশাখানা-২ মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সরকারি সফরের সময় সৌদি যুবরাজের দেওয়া দামি বুলগারি গয়নার সেট কেনা নিয়ে এ মামলা করা হয়।
ইমরান খান আরও কয়েকটি মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার একটি ছাড়া বাকি দণ্ডগুলো স্থগিত বা বাতিল হয়েছে এবং আপিল বিচারাধীন রয়েছে।
তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইমরানের বিরুদ্ধে এসব আইনি কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


