যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে সাময়িক উত্তেজনা প্রশমনের কিছুটা আশা তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সমাবেশ নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সমঝোতায় পৌঁছাতে তৎপরতা জোরদার করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আপাতত নতুন করে হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, ইরানের আগাম হামলার আভাস পাওয়ার এবং নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা। রাশিয়ার সামরিক মানের ভূস্থানিক ও সংকেত গোয়েন্দা তথ্যের সহায়তায় ইরান এই সক্ষমতা অর্জন করেছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া কীভাবে স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, তা নিয়ে গত আট মাস ধরে কাজ করছে ‘অরোরা’ প্রকল্প। এ প্রকল্পে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে ‘কসমস-২৬০০’ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযান শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৮টির গতিবিধি অনুসরণ করা সম্ভব।
এই স্যাটেলাইটগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এগুলোর মধ্যে রাশিয়ার সর্বাধুনিক ও সবচেয়ে বেশি গতিপথ পরিবর্তনে সক্ষম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে। এগুলোর মাধ্যমে সামরিক স্থাপনা ও ভূখণ্ডের মানচিত্রভিত্তিক তথ্য সংগ্রহ, অপটিক্যাল ছবি তোলা, রাডার পর্যবেক্ষণ এবং সংকেত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সম্ভব। এর মধ্যে রয়েছে রাডার ও অন্যান্য বেতার তরঙ্গের সংকেত এবং সামরিক যোগাযোগের কার্যক্রম পর্যবেক্ষণ।
অরোরা যে স্যাটেলাইটগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছে, সেগুলো সিরিয়া, লেবানন ও ইসরাইল থেকে শুরু করে জর্ডান, সৌদি আরব, বৃহত্তর আরব উপদ্বীপ, ইরাক ও ইরান পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ওপর দিয়ে চলাচল করে। এর মধ্যে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিও রয়েছে। স্যাটেলাইটগুলো প্রায় প্রতি ৯৫ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে। কক্ষপথ ও পর্যবেক্ষণের অবস্থানের ওপর নির্ভর করে প্রতিদিন তিন থেকে চারবার গুরুত্বপূর্ণ এই অঞ্চলের ওপর দিয়ে যায়।
অরোরা লক্ষ্য করেছে, রাশিয়ার কয়েকটি নির্দিষ্ট ও গতিপথ পরিবর্তনে সক্ষম স্যাটেলাইটকে এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে সেগুলো সরাসরি অথবা প্রায় সরাসরি এই অঞ্চলের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোর ওপর দিয়ে যায়। পুরো স্যাটেলাইট বহরকে নতুন অবস্থানে নেয়া হয়নি; বরং নির্দিষ্ট কয়েকটি মহাকাশযানের অবস্থান পরিবর্তন করা হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর ওপর নজরদারির সময় ও তথ্য সংগ্রহের মান উন্নত হওয়ার কথা।
এসব রুশ স্যাটেলাইটকে কোনো লক্ষ্যবস্তুতে হামলার আগে এবং হামলার পর আবারও সেটির ওপর দিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা যায়, হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করতেই পরে আবার পর্যবেক্ষণ চালানো হয়েছে। ইরানের হামলার আগেও এবং পরেও একই ধরনের তৎপরতা বারবার দেখা গেছে।
যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরান যেভাবে নিখুঁতভাবে হামলা চালাতে পেরেছে, তা বিবেচনায় অরোরা প্রকল্পের সিদ্ধান্ত হলো, এসব হামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় ভূস্থানিক গোয়েন্দা তথ্য ইরানি সেনাবাহিনীকে সরবরাহ করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, এ ধরনের গোয়েন্দা সক্ষমতা শুধু লক্ষ্যবস্তু নির্ধারণের কাজেই নয়, সামরিক প্রস্তুতি ও সেনা সমাবেশ পর্যবেক্ষণেও ব্যবহার করা যায়।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর অবস্থান পরিবর্তন, নৌবাহিনীর শক্তি পুনর্বিন্যাস এবং সামরিক অবকাঠামো জোরদার করার প্রতিটি পদক্ষেপ রুশ স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। একই সঙ্গে সামরিক যোগাযোগের তীব্রতাও শনাক্ত করা যায়।
কোথা থেকে যোগাযোগ করা হচ্ছে, কখন তৎপরতা বাড়ছে এবং যোগাযোগের ধরন কীভাবে পরিবর্তিত হচ্ছে, এসব তথ্যও পাওয়া সম্ভব।
কিছু গোয়েন্দা স্যাটেলাইট সামরিক যোগাযোগের কথোপকথনও আড়ি পেতে শুনতে পারে। যদিও প্রতিটি বার্তা আটকে ফেলা তাদের পক্ষে সম্ভব হওয়ার সম্ভাবনা কম।
সংগৃহীত গোয়েন্দা তথ্য ইরানের গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হলে দেশটির নেতারা নিজেদের সেনাদের সুরক্ষা দিতে, কমান্ড ব্যবস্থা সচল রাখতে এবং যুদ্ধ শুরুর আগেই পাল্টা জবাবের প্রস্তুতি নিতে পারেন।
ফলে রাশিয়ার স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য ব্যবহারের সুযোগ ইরানকে দেয়া হলে পাল্টা হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি আক্রমণাত্মক সামরিক প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য জটিলতা তৈরি হবে। এর একটি সমাধান হতে পারে, ইরানের অস্ত্রের তাৎক্ষণিক হামলার ঝুঁকি কমাতে মার্কিন সেনা ও সামরিক ইউনিটগুলোকে ইরানি অস্ত্রের পাল্লার বাইরে সরিয়ে নেয়া। একই সঙ্গে তেহরান যেভাবে মার্কিন সামরিক শক্তির অবস্থান পর্যবেক্ষণ করছে, সেই বিন্যাসও পরিবর্তন করা প্রয়োজন।
রাশিয়ার সহায়তা ইরানকে মধ্যপ্রাচ্যের বাইরের কোনো স্থান থেকে আসা হামলার বিষয়েও আগাম সতর্কতা দিতে পারে। ২০২৫ সালের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর সময় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে উড়ে গিয়ে বি-২ স্পিরিট বোমারু বিমান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।
তেহরান জানে, ভূগর্ভে গভীরভাবে নির্মিত স্থাপনাগুলোতে এ ধরনের আরেকটি হামলা হতে পারে। তাই রুশ স্যাটেলাইটের সক্ষমতা কাজে লাগিয়ে এমন হামলার আগাম লক্ষণ শনাক্ত করার চেষ্টা করতে পারে ইরান।
বলাবাহুল্য, হামলা মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি এই অঞ্চলে পাল্টা আঘাত হানার পরিকল্পনাতেও রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা যায়।
ইরানের নেতারা ইতোমধ্যে সতর্ক করেছেন, তাদের সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে তেল শোধনাগার, তেল রপ্তানি টার্মিনাল, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র এবং বিদ্যুৎকেন্দ্র।
অর্থাৎ, ট্রাম্প যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আবার হামলা চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে ইরান শুধু মার্কিন সেনাবাহিনীর পদক্ষেপ মোকাবিলার জন্যই প্রস্তুত থাকবে না; বরং পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানার সক্ষমতাও তাদের থাকতে পারে।
এ ধরনের হামলায় বেসামরিক মানুষের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব ছড়িয়ে পড়বে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক হিসেবে সৌদি আরবের অবস্থান দেশটির তেল রপ্তানি অবকাঠামোকে বৈশ্বিক অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে।
প্রতিবেশী আরব উপসাগরীয় দেশগুলোও এর পরিণতির মুখে পড়বে, যুদ্ধ আবার শুরু করার সিদ্ধান্তে তাদের প্রভাব থাকুক বা না থাকুক।
এটিও বিবেচনায় রাখা জরুরি যে, ইরানকে এ ধরনের মহাকাশভিত্তিক গোয়েন্দা সক্ষমতা দিয়ে রাশিয়া নিজের হাতে উল্লেখযোগ্য প্রভাব ধরে রাখছে।
সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও গোয়েন্দা তথ্য ব্যবহারের সুযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে মস্কো তেহরানকে শক্তিশালী করতে পারে, আবার চাইলে তাদের সক্ষমতা সীমিতও রাখতে পারে।
রাশিয়ার স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য ভাগ করে নেয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার ওপর অনিবার্যভাবেই প্রভাব ফেলবে। মার্কিন সেনাবাহিনীকে এখন ধরে নিতে হবে, বড় ধরনের সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তর, সামরিক সমাবেশ এবং ইলেকট্রনিক যোগাযোগের তৎপরতা শত্রুপক্ষ পর্যবেক্ষণ করতে পারে এবং দ্রুত সেই তথ্য তাদের কাছে পৌঁছে দিতে পারে। এতে আকস্মিক হামলার সুযোগ কমে যায়। ফলে সেনা ও সামরিক সরঞ্জাম ছড়িয়ে রাখা, ইলেকট্রনিক সংকেতের ব্যবহার নিয়ন্ত্রণ এবং দ্রুত অবস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তা বাড়ে।
এর প্রভাব শুধু এই যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না। গত মাসে রাশিয়ার কসমস সিরিজের একটি স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি চলে গিয়েছিল।
ধারণা করা হচ্ছে, এটি সম্ভাব্য হামলার মহড়া হতে পারে। এ ঘটনা ইঙ্গিত দেয়, পৃথিবীর বুকে শুরু হওয়া সংঘাত মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে বেসামরিক ও সামরিক স্যাটেলাইট অবকাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধগুলোতে মহাকাশেও সংঘাতের বিস্তার ঘটতে পারে- এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।


