...|...|...

রাজনীতি

বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থি সরকার: নাহিদ ইসলাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
Shares
বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থি সরকার: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থি এবং আওয়ামী লীগের সাথে সমঝোতায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটকে অস্বীকার করে সরকার শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, তারেক রহমানও শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।

বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

এদিকে, রাজধানীর উত্তরায়ও একই কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে বক্তারা অভিযোগ করেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না।

তারা আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ড দিলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সারসংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।