বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের দাবিকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচির সমর্থনে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সময় পর নির্বাচিত সংসদ গঠিত হলেও বিরোধী দলের বক্তব্য ও জনগণের কণ্ঠস্বরের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এ পরিস্থিতিতে সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তার দাবি, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান নাহিদ ইসলাম। একই সাথে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সমালোচনা করে এটিকে প্রহসন বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে মেয়র প্রার্থী ঘোষণার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, প্রশাসকের দায়িত্বে থাকা ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


