...|...|...

বিশ্ব

আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনার মধ্যে আটক ও গ্রেফতার হওয়ার একদিন পর শনিবার (১৭ অক্টোবর) তিনি মুক্তি পান। আদালত তাঁকে ৫০ হাজার টাকার মুচলেকা দিতে এবং শান্তি বজায় রাখার অঙ্গীকার করতে নির্দেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ। পরে শান্তি ভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় দায়ের করা মামলায় দীপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে শুনানির পর মুক্তির নির্দেশ পেয়ে মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন দীপকে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। ২০০৪ সালের ‘বীর-জারা’ চলচ্চিত্রের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া জেল থেকে বেরিয়ে কেমন লাগছে।’

এদিকে, পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস এখনো বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে যন্তর মন্তরে প্রতিবাদের অনুমতি বাতিলের পরও সেখানে প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল।

পুলিশের নিষেধাজ্ঞা ও আটকের মধ্যেও শুক্রবার কনট প্লেসে জাতীয় পতাকা হাতে ছোট ছোট মিছিল বের করেন শিক্ষার্থী ও অন্য প্রতিবাদকারীরা। কথিত নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচিতে অংশ নেন।