অধিকৃত পশ্চিম তীরের তাইবেহ গ্রামে ফরাসি কনসালসহ বিদেশি কূটনীতিকদের একটি প্রতিনিধি দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র সুলাইমান খৌরি।
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রামাল্লাহ ও আল-বিরেহ গভর্নরেটের অন্তর্গত তাইবেহ গ্রামের মেয়র বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফরাসি কনসালসহ বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও শনিবার জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফ্রান্স, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকদের গাড়িতে হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখ ঢাকা সাতজন বসতি স্থাপনকারী কূটনৈতিক গাড়িটিকে ঘিরে ধরে পরিচয়পত্র দেখতে চায়। এ সময় তারা বেলজিয়াম কনস্যুলেটের একটি গাড়ির জানালা ভেঙে ফেলে।
তবে হামলায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে দেওয়া তথ্যে কিছু উল্লেখ করা হয়নি।


