...|...|...

খেলা

পারফরম্যান্সে ঘাটতি নেই শামির, তবু কেন ভারতীয় দলে অবহেলিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৫
Shares
পারফরম্যান্সে ঘাটতি নেই শামির, তবু কেন ভারতীয় দলে অবহেলিত

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন মোহাম্মদ শামি। ফিটনেস নিয়েও মাঠে পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। তবু জাতীয় দলে ফিরতে পারছেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দল ঘোষণার পর আবারও প্রশ্ন উঠেছে, তবে কি ভারতীয় দলের দরজা শামির জন্য বন্ধ হয়ে যাচ্ছে?

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিউজিল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এক বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন পেসার আকাশ দীপ। তবে জায়গা হয়নি শামির। অথচ দলে ফেরার গুঞ্জন চলছিল কয়েক দিন ধরেই, বিশেষ করে প্রায় চার বছর পর ভুবনেশ্বর কুমার দলে ফেরার পর।

ভারতের হয়ে সর্বশেষ ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছেন শামি। সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন ওই বছরের ফেব্রুয়ারিতে। আর টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সে ঘাটতি নেই। ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে সাত ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন তিনি। গড় ছিল ১৬.৭২। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। চলতি মৌসুমের শুরুতেও দিল্লির বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই পেসার।

তারপরও শামির দলে না ফেরার পেছনে ফিটনেস নিয়ে প্রশ্ন সামনে আসছে। দীর্ঘদিন চোটের সমস্যায় ভুগেছেন তিনি। তবে দিল্লির বিপক্ষে রঞ্জি ম্যাচের পর সাংবাদিকদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে শামি বলেন, ‘আপনারা আমার ফিটনেস দেখতে পাচ্ছেন। সেটা লিখুন। আপনারা তো আমাকে দেখছেন। আমি কী বললাম, তাতে কী হবে? আমি মাঠে আছি। খেলছি। যেখানে খেলার সুযোগ পাচ্ছি, সেখানেই খেলছি। আমার কাজ শুধু বোলিং করে যাওয়া।’

শামির বয়স এখন ৩৬। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করার ধকল এবং চোটের ইতিহাস বিবেচনায় নির্বাচকেরা তাকে নিয়ে সতর্ক হতে পারেন। তবে এ বিষয়ে নির্বাচকদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে ফিটনেসই তার বাদ পড়ার নিশ্চিত কারণ, এমনটা বলার সুযোগ নেই।

এদিকে ভুবনেশ্বর কুমারের ফেরা এবং শামির বাদ পড়ার পরিস্থিতিও এক নয়। ভুবনেশ্বর মূলত সাদা বলের ক্রিকেটে বিবেচনায় এসেছেন। অন্যদিকে শামিকে টেস্ট ক্রিকেটে ফেরানোর ক্ষেত্রে দীর্ঘ স্পেল বল করার সক্ষমতা ও কাজের চাপের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি ভারতীয় পেস আক্রমণে প্রতিযোগিতাও বেড়েছে। আকাশ দীপের মতো বোলাররা দলে জায়গা করে নিচ্ছেন।

সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেও জাতীয় দলের নির্বাচকদের পরিকল্পনায় জায়গা পাচ্ছেন না শামি। তবে কেন তাকে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি, তার স্পষ্ট ব্যাখ্যা না থাকায় অভিজ্ঞ এই পেসারের প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।