ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামে রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, মৃতরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে ১১ ও ৩ বছর বয়সী দুই ছেলে এবং ৭ বছর বয়সী এক মেয়ে রয়েছে।
নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের ভাষ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে নুডলস খাওয়ার সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় যান। সম্ভবত তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মৃত অবস্থায় পায়। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশের বিবৃতিতে আরও জানানো হয়, ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বৈজ্ঞানিক আলামত সংগ্রহ করছে। মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এদিকে, জেওয়ারের বিধায়ক ধীরেন্দ্র সিং মৃতদের বাড়িতে গিয়ে জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হয়েছে। তাঁর দাবি, কোনো বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে এ মৃত্যু হয়ে থাকতে পারে। বিশ্লেষণের জন্য সন্দেহভাজন পদার্থটি জব্দ করা হয়েছে।
ধীরেন্দ্র সিং বলেন, পদার্থটি বিষাক্ত বলে প্রমাণিত হলে সেটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ফরেনসিক দল ও খাদ্য বিভাগ পৃথকভাবে তদন্ত করছে।


