সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। শনিবার (১৭ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দণ্ডিত ব্যক্তিরা বিভিন্ন সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন। এসব অপরাধের মধ্যে রয়েছে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদর দপ্তর ও নিরাপত্তা যানবাহনে অস্ত্র ও বোমা ব্যবহার করে হামলা চালানো।
এ ছাড়া তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ নিজেদের কাছে রাখা এবং সৌদি আরবের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থায়ন ও সহায়তা দেওয়ার অভিযোগ ছিল।
এসব অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


