...|...|...

জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১০:০৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ১০:২৩
Shares
অনির্দিষ্টকালের জন্য বিমানের রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ছবি: সংগৃহীত

অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ (BG339) ও বিজি৩৪০ (BG340)। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। একই সাথে পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া তাৎক্ষণিক সহায়তা পেতে ভুক্তভোগী যাত্রীরা বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজনে নিকটস্থ বিমান বিক্রয়কেন্দ্র থেকেও সহায়তা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফ্লাইটের সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।