...|...|...

জাতীয়

স্বাস্থ্য খাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু: প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫৭
Shares
স্বাস্থ্য খাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু:  প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে জনবল সংকট কমাতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহী নগরীর একটি হোটেলে সম্প্রসারিত টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনাবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন। উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন এবং বিদ্যমান যন্ত্রপাতি সচল করা গেলে রোগ নির্ণয় সহজ হবে। এতে চিকিৎসাসেবা পেতে রোগীদের ভোগান্তিও কমবে।

হাম প্রতিরোধে সরকারের উদ্যোগ তুলে ধরে ড. এম এ মুহিত জানান, চলমান টিকাদান ও ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। অন্যদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা ও লার্ভা নিধন এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। এ কারণে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।