...|...|...

জাতীয়

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৮
Shares
চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। শনিবার রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করা। অন্যান্য দেশের সাথে যোগাযোগের ধারাবাহিকতায় জাপানের সাথেও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

তিনি জানান, বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সাথে সুনির্দিষ্ট খাতে পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ ক্ষেত্রে জাপানের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

জাপানকে বাংলাদেশের অন্যতম প্রধান ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে জাপানের বিনিয়োগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।

তথ্যসূত্র: বাসস