...|...|...

জাতীয়

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪০
Shares
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় সতর্কতার সাথে উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এ সময় বিমানবন্দরের রানওয়েতে প্রায় ৩০ মিনিট সব ধরনের উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ ছিল।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি টের পেয়ে পাইলট ঢাকার বিমানবন্দর টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমানোর প্রয়োজন হয়। এ জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে একাধিকবার চক্কর দেয়। তখন উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

উড়োজাহাজটির জরুরি অবতরণের খবর পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার দল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় অন্যান্য উড়োজাহাজের ওঠানামা।

পরে পাইলট সফলভাবে উড়োজাহাজটি অবতরণ করান। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের যাত্রী ও ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন।