ইরাকে রাষ্ট্রীয় তেল চোরাচালানের মাধ্যমে কোটি কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে। ইরাকি কর্মকর্তাদের দাবি, নিরাপত্তা ও তেল খাতের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে এই চোরাচালান চলে আসছে। এতে ২০২১ সাল থেকে বিপুল রাজস্ব হারিয়েছে সরকার।
বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা, সেনাবাহিনী, পুলিশ ও তেল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি গোষ্ঠীটির তেল চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় নয়জন ঊর্ধ্বতন নিরাপত্তা ও তেলবিষয়ক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সন্দেহভাজনদের আদালতে সোপর্দ করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর এলাকা। বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এলাকাটি কাতাইব হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অভিযানের অংশ হিসেবে বাবিল পুলিশের প্রধান, প্রদেশটির গোয়েন্দা ও নিরাপত্তা কমান্ডার এবং রাষ্ট্রীয় তেল পাইপলাইন কোম্পানির পরিচালককে বরখাস্ত করা হয়েছে।
এদিকে জুরফ আল-সাখরের আশপাশে অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং সেখানে সরকারি সেনা প্রবেশের প্রস্তুতি নিতে সামরিক ও নিরাপত্তা কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আল-জাইদি। এতে সরকারের সাথে সশস্ত্র গোষ্ঠীটির সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত কাতাইব হিজবুল্লাহ ইরানপন্থী একাধিক সশস্ত্র গোষ্ঠীর অন্যতম। ইরাকে এসব গোষ্ঠীর আধা-সরকারি মর্যাদা রয়েছে। তবে তেল চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছে কাতাইব হিজবুল্লাহ। তাদের দাবি, সরকারের অভিযান মূলত গোষ্ঠীটির অস্ত্র কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। এক বিবৃতিতে তারা বলেছে, ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় ব্যবহৃত তাদের অস্ত্র কেড়ে নিতেই চাপ প্রয়োগ করা হচ্ছে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ রাজনীতিতে ইরানের প্রভাব বিস্তৃত হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রধানমন্ত্রী আল-জাইদি ও তার মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র ত্যাগের আহ্বানও উপেক্ষা করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরানের প্রতি সংহতি জানিয়ে এসব গোষ্ঠী ইরাকে মার্কিন সেনা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলির মতে, তেল চোরাচালানবিরোধী অভিযান এখন কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সরকারের রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে। তাঁর ভাষ্য, নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব থাকা একটি গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আল-জাইদি। বৃহত্তর অর্থে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থনৈতিক নেটওয়ার্ক দুর্বল করে তাদের প্রভাব সীমিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এ অভিযানকে।


