ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। একই সাথে শত্রুপক্ষের যেকোনো হামলার তাৎক্ষণিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমির হাতামি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে দেশটির নৌবাহিনী হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।
ইরানের সেনাপ্রধান আরও বলেন, শত্রুপক্ষ কোনো ধরনের হামলা চালালে বিন্দুমাত্র বিলম্ব না করে তার জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী।
তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের কোন কোন শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।


