ইয়েমেন উপকূলে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। এমভি মারসা ভার্গো নামের জাহাজটিতে ১৯ জন নাবিক রয়েছেন। জলদস্যুদের হাত থেকে বাঁচতে তারা জাহাজের একটি সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইয়েমেনের বালহাফ থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা।
সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের তিন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাই হওয়া জাহাজটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মারসা ওশান শিপিংয়ের মালিকানাধীন। এটি পানামার পতাকাবাহী জাহাজ।
নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ছয়জন সোমালি জলদস্যু এই ছিনতাইয়ের সাথে জড়িত। ইয়েমেনের ভূখণ্ড থেকে সোমালি জলদস্যুদের এমন অভিযান পরিচালনার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ছিনতাইয়ের পর জাহাজটি সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটি জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকার বিষয়টি নিশ্চিত করেছে ইউকেএমটিও।
সম্প্রতি আফ্রিকার হর্ন অঞ্চলসংলগ্ন জলসীমায় জলদস্যুদের তৎপরতা বেড়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে, যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।
এদিকে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আরব উপদ্বীপসংলগ্ন জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরাও এই অঞ্চলে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে জলদস্যুদের নতুন করে তৎপরতা আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে।


