রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কামচাটকা ক্রাইয়ের ইয়েলিজোভো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে। প্রাথমিক হিসাবে এর উপকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫৩ দশমিক ৭২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৮ দশমিক ০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
গভীরতা বেশি হওয়ায় ভূমিকম্পটিতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।


