ভারতের পশ্চিমবঙ্গে সরকার স্বীকৃত সব মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে মাদ্রাসাগুলোর প্রধানদের বলা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পরদিন শনিবার পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুসরণ করতে হবে। রোববার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিন নিয়মিত সাপ্তাহিক ছুটি রাখা যাবে না।
কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের বেশ কিছু মাদ্রাসায় জুমার নামাজ আদায়ের সুবিধার্থে শুক্রবার সাপ্তাহিক ছুটি পালনের প্রচলন ছিল। এর পরিবর্তে রোববার শিক্ষা কার্যক্রম চালু রাখা হতো। নতুন নির্দেশনার মাধ্যমে দীর্ঘদিনের সেই প্রথার অবসান ঘটছে।
পাঠ্যক্রম সংস্কার, শিক্ষার্থীদের পোশাকবিধি ও বায়োমেট্রিক হাজিরাসহ শিক্ষাব্যবস্থায় রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পরিবর্তনের মধ্যেই নতুন এই নির্দেশনা এলো।
এর আগে চলতি বছরের অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়। এবার একই ধরনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
তবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে পশ্চিমবঙ্গ সরকারের এমন পদক্ষেপ এবারই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালায় রাজ্য প্রশাসন।
প্রয়োজনীয় নথিপত্র ও অবকাঠামোর অভাব, শিক্ষক-শিক্ষার্থীর অপর্যাপ্ত সংখ্যা এবং অর্থায়নের উৎসে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।


