...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য আরব দেশগুলোও দায়ী: সাবেক ইরানি রাষ্ট্রদূত

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৪
Shares
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য আরব দেশগুলোও দায়ী: সাবেক ইরানি রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য আঞ্চলিক আরব দেশগুলোও আংশিকভাবে দায়ী বলে মন্তব্য করেছেন লেবাননে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মোজতবা আমানি। সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মোজতবা আমানি বলেন, আরব দেশগুলো ইসরায়েলকে এই অঞ্চলে প্রবেশের সুযোগ দিয়েছে, অথচ তারাই আবার আঞ্চলিক নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা বলছে।

তিনি অভিযোগ করেন, ইরানে হামলার সুবিধার্থে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরব দেশগুলোর সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তাকে চূড়ান্তভাবে বিপন্ন করা হয়েছে।

সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, ‘আশ্চর্যজনকভাবে এখনো অনেকে এই অঞ্চলের নিরাপত্তাহীনতার জন্য ইরানকে দায়ী করছেন। আরব দেশগুলো যেদিন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেদিনই এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বজায় থাকলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

গত কয়েক মাসে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের অধিকাংশ হামলাই প্রতিহত করা হয়েছে।