ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন বেঞ্চে, চোটের কারণে মাঠে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজও। তবুও আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে পর্তুগাল। জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের গোলে পাওয়া এই জয়ে নেশনস লিগের ‘এ’ লিগের চতুর্থ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে শীর্ষে রয়েছে পর্তুগিজরা।
অসলোতে অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। রবিবার রাতের ম্যাচে ১৭ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে পেদ্রো নেতোর বাড়ানো বল বক্সের সামনে পেয়ে দারুণ শটে গোল করেন জোয়াও ফেলিক্স। নেশনস লিগে পর্তুগালের দুই ম্যাচেই গোল করলেন তিনি।
পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে আক্রমণের চাপ বাড়ায় নরওয়ে। প্রথমার্ধেই একাধিক সুযোগ পান আর্লিং হালান্ড। এর মধ্যে একটি নিশ্চিত সুযোগও নষ্ট হয়। বক্সের ভেতর থেকে গোলের উদ্দেশ্যে নেওয়া শট রুখে দেন পর্তুগালের ডিফেন্ডার ও হলান্ডের ম্যানচেস্টার সিটির সতীর্থ রুবেন দিয়াজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে নরওয়ে। ৫১ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া ফিরতি বলে গোল করেন হালান্ড। এটি নেশনস লিগে তার রেকর্ড ২২তম গোল। নরওয়ের জাতীয় দলের হয়ে এটাই তার ৬৫তম গোল। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ১৭ ম্যাচের ১৬টিতেই গোল করেছেন এই স্ট্রাইকার।
সমতা ফেরার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের ভুল। ৫৫ মিনিটে সামনে থাকা গনসালো রামোসকে বল ক্লিয়ার করতে গিয়ে সেটি তার পায়ে তুলে দেন নিলান্ড। সুযোগ পেয়ে রোনালদোর জায়গায় একাদশে নামা রামোস গোলরক্ষককে এড়িয়ে আলতো চিপে বল জালে পাঠান। শেষ পর্যন্ত ওই গোলই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
এরপর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল পর্তুগাল। রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল বাইরে পাঠান রামোস। পরে নিলান্ডের আরেক ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে ভিএআরের পর গোলটি বাতিল হয়।
এদিকে ম্যাচে রোনালদোর না থাকা নিয়েও ছিল আলোচনা। আগের ম্যাচে ওয়েলসের বিপক্ষে সহজ সুযোগ নষ্ট করার পর এবার বেঞ্চে ছিলেন পর্তুগিজ তারকা। অন্যদিকে চোটের কারণে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। নরওয়ে ও ডেনমার্কের সংগ্রহ ৩ পয়েন্ট করে। অন্য ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নরওয়ের পর তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক।


