মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের দারুণ প্রশংসা করেছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। কায়রোভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, হামজার মধ্যে ভবিষ্যতের দুর্দান্ত এক স্ট্রাইকার হওয়ার সব গুণই রয়েছে। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হামজাকে নিয়ে ইয়ামাল বলেন, সে প্রচুর গোল করে এবং মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং সে সামনে দলের জন্য অনেক গোল আনবে।
সাক্ষাৎকারে বার্সেলোনার সাম্প্রতিক সাফল্য ও কোচ হান্সি ফ্লিককে নিয়েও কথা বলেন স্প্যানিশ তারকা। ইয়ামাল জানান, ফ্লিকের অধীনে দলটিতে বোঝাপড়া অনেক বেড়েছে। দলের স্বার্থে খেলে প্রতিটি ম্যাচে জয় ছিনিয়ে আনাই এখন সবার লক্ষ্য। কোচের নির্দেশ মেনে নিজের স্বাভাবিক খেলা উপভোগ করার পাশাপাশি দলের ভারসাম্য ধরে রাখাটাকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
ব্যালন ডি’অরে আফ্রিকান খেলোয়াড়দের মনোনয়ন প্রসঙ্গে ইয়ামাল বলেন, এই প্রতিযোগিতায় জাতীয়তা নয়, পারফরম্যান্সই আসল বিষয়। ভবিষ্যতে আরও অনেক আফ্রিকান ফুটবলার এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পাবেন বলে তিনি আশাবাদ জানান।
বিশ্বকাপ ও ইউরো জয়ের পরও জয়ের ক্ষুধা কমেনি জানিয়ে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘জেতার ইচ্ছা কখনোই শেষ হয় না।’ একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জয়ে দলের মানসিকতার পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন বলে মনে করেন তিনি।


