...|...|...

খেলা

উত্তর কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
উত্তর কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন

ছবি: সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার শিরোপা নিজেদের করে নেয় স্প্যানিশ মেয়েরা।

 পোল্যান্ডের লজে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। পুরো ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। অতিরিক্ত ৩০ মিনিটেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন। স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি পেনাল্টি ঠেকিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

ফাইনালে মুখোমুখি হয়েছিল সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ট্রফি জিতেছিল স্পেন। এরপর ২০২৪ সালে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে উত্তর কোরিয়া। এবার সেই উত্তর কোরিয়াকেই হারিয়ে ট্রফি পুনরুদ্ধার করল স্পেন।

দুই দলের কয়েকজন খেলোয়াড় এর আগে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও একে অপরের মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল উত্তর কোরিয়া। এবার একই ধরনের টাইব্রেকারে প্রতিশোধ নেওয়ার সুযোগ কাজে লাগাল স্পেন।

এই সাফল্যের মাধ্যমে নারী ফুটবলে স্পেনের সাম্প্রতিক আধিপত্যও আরও দৃশ্যমান হলো। গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে।

পুরুষ ফুটবলেও সাফল্যের ধারায় রয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন বর্তমানে বিশ্ব ও ইউরোপ দুই পর্যায়েরই চ্যাম্পিয়ন।

অন্যদিকে, শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলেও অনন্য একটি রেকর্ড গড়েছে উত্তর কোরিয়া। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে পুরো একটি আসরে কোনো গোল হজম না করার কীর্তি গড়েছে তারা।