রাজধানীর মিরপুরের পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে ককটেল, মশাল লাঠি, কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়।
পরে রাত ১টা ৪৫ মিনিটে এসআরইউ’র প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করে এবং যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মিরপুর মডেল থানা পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


