রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশা ও একটি মিশুকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বর এলাকার একটি সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুজন হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মিন্নাত আলীর ছেলে জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর এলাকার শাহ আলম পোদ্দারের ছেলে জাহাঙ্গীর পোদ্দার। জাকির অটোরিকশাচালক এবং জাহাঙ্গীর মিশুকচালক ছিলেন। তারা দুজনই কদমতলী এলাকায় বসবাস করতেন।
জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা রাতে পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে অটোরিকশা নিয়ে ছিলেন। এ সময় দুটি ট্রাক দ্রুতগতিতে পাল্লা দিয়ে যাওয়ার সময় ট্রাক দুটির পাশে থাকা অটোরিকশা ও মিশুকে ধাক্কা লাগে। এতে দুই চালক পাশের খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী পেশায় মিশুকচালক ছিলেন। রাতে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


