...|...|...

বিশ্ব

বছরে ৩৮৪ টন উৎপাদন, কোন দেশের খনি থেকে আসে এত স্বর্ণ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫১
Shares
বছরে ৩৮৪ টন উৎপাদন, কোন দেশের খনি থেকে আসে এত স্বর্ণ?

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে স্বর্ণের চাহিদা দিন দিন বাড়ছে। অলংকার তৈরির পাশাপাশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্যও মূল্যবান এই ধাতুর গুরুত্ব অপরিসীম। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ কোন দেশে উৎপাদিত হয়? অবাক করার বিষয় হলো, স্বর্ণ উৎপাদনে রাশিয়া, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকেও পেছনে ফেলেছে এশিয়ার দেশ চীন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যের ভিত্তিতে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীন প্রায় ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করেছে। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে দেশটি। ২০১০ সালে চীনের বার্ষিক স্বর্ণ উৎপাদন ছিল প্রায় ৩৫১ টন। অর্থাৎ ১৫ বছরের ব্যবধানে দেশটির উৎপাদন বেড়েছে প্রায় ৯ শতাংশ। 

স্বর্ণ উৎপাদনের তালিকায় চীনের পরেই রয়েছে রাশিয়া। ২০২৫ সালে দেশটির উৎপাদন ছিল প্রায় ৩৪৫ টন। তৃতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া উৎপাদন করেছে প্রায় ২৯৩ টন স্বর্ণ। এ ছাড়া কানাডা ২১৩ টন এবং পেরু ২০৯ টন স্বর্ণ উৎপাদন করে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

তালিকায় ষষ্ঠ স্থানে থাকা ঘানার উৎপাদন প্রায় ১৮৭ টন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, মেক্সিকো ও ইন্দোনেশিয়া। দেশগুলোর উৎপাদন যথাক্রমে ১৫৭, ১২৫, ১১৪ ও ১০৪ টন।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, স্বর্ণ উৎপাদনে চীনের শীর্ষ অবস্থানের পেছনে রয়েছে দেশটির বিস্তৃত খনিশিল্প ও দীর্ঘদিনের খনিজ উত্তোলন কার্যক্রম। আন্তর্জাতিক স্বর্ণবাজারে চীনের অবস্থান গুরুত্বপূর্ণ হলেও দেশটির উৎপাদিত স্বর্ণের পরিমাণ এবং কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত স্বর্ণের মজুত এক বিষয় নয়।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ২০২৬ সালের জুনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে খনি থেকে উত্তোলিত মোট স্বর্ণের প্রায় ১০ শতাংশের জোগান দিয়েছে চীন। সংস্থাটির হিসাবে, অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই স্বর্ণ উত্তোলনের কার্যক্রম রয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ২০২৬ সালের প্রতিবেদনে ২০২৫ সালে চীনের স্বর্ণ উৎপাদন প্রায় ৩৮০ টন হিসেবে অনুমান করা হয়েছে। অর্থাৎ উৎস ও হিসাবপদ্ধতির পার্থক্যে উৎপাদনের পরিমাণ কিছুটা ভিন্ন হলেও বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। 

এদিকে চলতি বছরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে চীনের নিজস্ব খনি থেকে উত্তোলিত কাঁচামালের ভিত্তিতে স্বর্ণ উৎপাদন হয়েছে প্রায় ২২০ দশমিক ৯৪ টন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭১ শতাংশ কম।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, একই সময়ে আমদানি করা কাঁচামাল প্রক্রিয়াজাত করে আরও ১২৭ দশমিক ০৬ টন স্বর্ণ উৎপাদন করেছে চীন। ফলে দেশীয় ও আমদানি করা কাঁচামাল মিলিয়ে মোট উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৩৪৭ দশমিক ৯৯ টনে। তবে এই পুরো পরিমাণকে চীনের নিজস্ব খনি থেকে উত্তোলিত স্বর্ণ বলা যাবে না। 

সংশ্লিষ্ট পরিসংখ্যান বলছে, স্বর্ণ উৎপাদনে শীর্ষে থাকা আর সবচেয়ে বেশি স্বর্ণের খনিজ মজুত থাকার বিষয়টি এক নয়। খনিতে সম্ভাব্য উত্তোলনযোগ্য স্বর্ণের মজুতের হিসাবে চীনের চেয়েও এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ও রাশিয়ার মতো দেশ।

বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের চাহিদা এবং খনি থেকে উৎপাদন অব্যাহত থাকায় আন্তর্জাতিক অর্থনীতি ও মূল্যবান ধাতুর বাজারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।