...|...|...

অর্থনীতি

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:১৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৭
Shares
আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসে দেশের বাজারে কয়েক দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ গত শনিবার (২১ নভেম্বর) রাতে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় সংগঠনটি। এ নিয়ে চলতি মাসে টানা নয় দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা।

শনিবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে সোমবার (২৩ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নির্ধারিত এই দামেই।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি দিতে হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৬ দফায়। এছাড়া এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ দফায়।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

স্বর্ণের দাম কয়েক দফায় কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।