ইরাকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থ জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে নতুন করে উদ্ধার করা হয়েছে প্রায় ২ দশমিক ৭ ট্রিলিয়ন ইরাকি দিনার, যা প্রায় ১৭০ কোটি মার্কিন ডলারের সমান। এর আগে আরও ৭৮ কোটি ডলার জব্দ করা হয়েছিল।
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি এ তথ্য জানিয়েছেন। তিনি দুর্নীতিবিরোধী অভিযানকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বলেন, রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য ও প্রভাবশালী ব্যক্তিসহ দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের মাধ্যমে অভিযানের ফলাফল স্পষ্ট হয়ে উঠছে।
ইরাকি বার্তা সংস্থাকে আল-আবুদি জানান, জব্দ করা অর্থ দেশটির ২০২৭ সালের খসড়া বাজেটে প্রস্তাবিত একটি বিশেষ তহবিলে জমা করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তেলের রাজস্ব ও রাষ্ট্রীয় কোষাগারকে শক্তিশালী করাই এ তহবিলের লক্ষ্য।
সম্প্রতি ইরাকের দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে বাগদাদের কাছে জুরফ আল-সাখার এলাকা। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ অঞ্চলে ব্যাপক তেল চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে।
তবে ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ এসব অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, তারা কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নয়। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরির পাল্টা অভিযোগও তুলেছে সংগঠনটি।


