ফেলে দেওয়া পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ড থেকে স্বর্ণ পুনরুদ্ধারে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরাতের একদল গবেষক। ‘রিগোল্ড’ নামের এই প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি দ্রবণ থেকে মাত্র এক ঘণ্টায় প্রায় ৯৯ শতাংশ স্বর্ণ সংগ্রহ করা সম্ভব বলে দাবি করেছেন উদ্ভাবকেরা। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট।
দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের ১০০টি প্রকল্পের মধ্যে প্রদর্শিত হয়েছে প্রযুক্তিটি। স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার ও নগরজীবনের নানা সমস্যা সমাধানে তরুণদের উদ্ভাবিত এসব প্রকল্প উপস্থাপন করা হয়। খবর খালিজ টাইমসের।
‘রিগোল্ড’ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক ড. নাজাত আলদাক্কা এবং তার গবেষক দল।
পুরোনো ইলেকট্রনিক যন্ত্রপাতিতে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতু থাকে। এসব ধাতু পুনরুদ্ধারে প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। আবার কিছু পদ্ধতিতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। ফলে মূল্যবান ধাতু সংগ্রহের পাশাপাশি পরিবেশদূষণের ঝুঁকিও তৈরি হয়।
এ সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে গবেষণা করছেন ড. আলদাক্কা ও তার দল। তাদের উদ্ভাবিত প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের দ্বিমাত্রিক (টুডি) ছিদ্রযুক্ত উপাদান। এটি ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পর তৈরি তরল থেকে অন্যান্য ধাতুর তুলনায় বেছে বেছে স্বর্ণ সংগ্রহ করতে পারে।
ড. আলদাক্কা জানান, বিশেষ উপাদান ও ডিভাইস ব্যবহার করে মাত্র এক ঘণ্টায় দ্রবণে থাকা স্বর্ণের প্রায় ৯৯ শতাংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
গবেষণায় এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ সংগ্রহের তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। আর প্রতি গ্রাম স্বর্ণ পুনরুদ্ধারে শক্তি খরচ হয়েছে মাত্র ১ কিলোওয়াট-ঘণ্টা।
প্রযুক্তিটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। গবেষকদের পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ শনাক্ত ও সংগ্রহের ক্ষেত্রে উপাদানটির নির্বাচনী সক্ষমতা এক হাজার গুণেরও বেশি। ফলে বিভিন্ন ধাতুর মিশ্রণ থেকেও এটি কার্যকরভাবে স্বর্ণ আলাদা করতে পারে।
উদ্ধার করা স্বর্ণ আবারও উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব। এতে ই-বর্জ্যের পুনর্ব্যবহার বাড়ার পাশাপাশি নতুন স্বর্ণ উত্তোলনের জন্য খনির ওপর নির্ভরশীলতাও কমতে পারে।
তবে গবেষণাগারে পাওয়া সাফল্যকে বাণিজ্যিক উৎপাদনে রূপ দিতে এখন শিল্প পর্যায়ের উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে একটি শিল্পপ্রতিষ্ঠানের সাথে অংশীদারত্ব খুঁজছেন ড. আলদাক্কা। উপযুক্ত অংশীদার পাওয়া গেলে প্রযুক্তিটি বৃহৎ পরিসরে উৎপাদন ও বাজারজাত করা সহজ হবে বলে আশা করছেন তিনি।


