...|...|...

রাজধানী

বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৫
Shares
বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার

ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্মকর্তাদের।

পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সাথে তার সাথে থাকা লাগেজগুলো স্ক্যান করা হয়। শরীরে কোনো অবৈধ পণ্য লুকানো আছে কি না, তা নিশ্চিত হতে তাকে স্ক্যান করা হলে একপর্যায়ে নিজের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন তিনি।

এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।

পরে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।

সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ২ হাজার ১০৬ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।