বাড়ির উঠানে বসানো সাধারণ একটি টিউবওয়েল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, এর আড়ালে লুকিয়ে আছে অবৈধ মদের কারবার। কিন্তু পুলিশ অভিযান চালিয়ে টিউবওয়েলের হাতল চাপতেই পানির বদলে বেরিয়ে আসতে থাকে মদ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এই অভিনব কৌশলের সন্ধান পেয়েছে পুলিশ ও আবগারি বিভাগের যৌথ দল। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুলিশ সদস্যরা টিউবওয়েলের হাতল চেপে মদ বের করছেন। পরে সেই মদ একটি পাত্রে সংগ্রহ করে প্লাস্টিকের জেরিক্যানে ভরা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত শনিবার (২১ নভেম্বর) ঝাঁসি জেলার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ ও আবগারি বিভাগের কর্মকর্তারা। এ সময় বাড়ির উঠানে থাকা টিউবওয়েলটি দেখে সন্দেহ হয় তাঁদের। পরে সেটি পরীক্ষা করতেই বেরিয়ে আসে অবৈধ মদ মজুতের অভিনব পদ্ধতি।
তদন্তে জানা যায়, বাড়ির মাটির নিচে গোপনে দেশীয় চোলাই মদ সংরক্ষণ করা হয়েছিল। সেই মদ বের করার জন্য ওপরে বসানো হয়েছিল একটি সাধারণ টিউবওয়েল। ফলে বাইরে থেকে দেখে সেটিকে পানির টিউবওয়েল মনে হলেও বাস্তবে তা ব্যবহার করা হচ্ছিল অবৈধ মদ উত্তোলনের কাজে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করেন কর্মকর্তারা। পাশাপাশি অবৈধভাবে বিক্রি ঠেকাতে সেখানে পাওয়া প্রায় এক হাজার লিটার চোলাই মদ ধ্বংস করা হয়।
এ ঘটনায় ঝাঁসি জেলার তেজপুরা ঘুরাত গ্রামের ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আবগারি আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ মদ মজুত ও বিক্রির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।


