...|...|...

সারাদেশ

গোপালগঞ্জে থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৮:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৪
Shares
গোপালগঞ্জে থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

গোপালগঞ্জে থানায় আগুন দিল নিষিদ্ধ আ.লীগের কর্মীরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সংঘর্ষ ও ভাঙচুরের পর এবার থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। 

এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। 

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। 

এর আগে দিনভর দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।