সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশ করে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় বিজিবির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় সূত্র ও পর্যটকদের দাবি, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সাথে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন ও পর্যটকেরা তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি সদস্যরা ওই বিএসএফ সদস্যকে আটক করেন। পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।


