গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে তার ওপর এ হামলা চালানো হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার গওহরডাঙা চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই মোসলেম আলী বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, আজ বিকালে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ১৩ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী। ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান ওসি মো. আয়ুব আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই দিন সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। এছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।


