গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চসংখ্যক সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।’
বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের সময় সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি প্রস্তুত রয়েছে।
এদিকে রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ।
একই দিনে জেলার পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়। পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। অন্যদিকে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলির তথ্য জানানো হয়।


